আচমকাই আকাশ ছুঁল আগুনের লেলিহান শিখা—আর তাতেই আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লক্ষীকান্তপুর এলাকার বিজয়গঞ্জ বাজারে গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড।
মঙ্গলবার গভীর রাতে বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। আতঙ্কিত ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত দমকল বিভাগে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তবে কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়েও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একাধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, পুড়ে নষ্ট হয় ভেতরে থাকা মালপত্র ও আসবাব।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজার থানার পুলিশও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুন এত দ্রুত ছড়িয়েছিল যে দোকান থেকে কিছুই বের করার সুযোগ পাননি তারা।
প্রশাসনের প্রাথমিক হিসেবে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই ঘটনায় এখনো হতাহতের খবর না মিললেও, এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ। দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয় ব্যবসায়ীরা।

