গোলপার্কে রবিবার রাতের তাণ্ডবের রেশ এখনও কাটেনি। বোমাবাজি, গুলি এবং ব্যাপক ভাঙচুরের ঘটনায় এবার পুলিশ আরও দু’জনকে গ্রেফতার করল। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। তবে সবচেয়ে আলোচিত বিষয়, সংঘর্ষে জড়িত দুই গোষ্ঠীর মূল মাথারা এখনও পুলিশের নাগালের বাইরে।
রবিবার রাতের ঘটনার পর থেকেই লাগাতার অভিযান চালাচ্ছে রবীন্দ্র সরোবর থানা। মঙ্গলবার সন্ধ্যার অভিযানে ধরা পড়ে রাকেশ বণিক এবং রাজীব দাস ওরফে সোনু। দু’জনেই থানা এলাকার পঞ্চাননতলা রোডের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতেই প্রথম দফায় ১০ জনকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার রাতে আরও চার জন ধরা পড়ে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তিন জনকে আটক করা হয় এবং রাতে যোগ হয় আরও দুই নাম। তিন দিনে টানা ধরপাকড়ে অভিযুক্তদের সংখ্যা দ্রুত বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ গোলপার্ক সংলগ্ন পঞ্চাননতলায় একটি ক্লাবের পিকনিক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের একাংশ বারবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর দলবলের দিকে আঙুল তুলেছেন। অভিযোগ, তাঁর দলই এলাকায় দীর্ঘদিন ধরে অশান্তি ছড়াচ্ছে। যদিও সোনা পাপ্পু ফেসবুক লাইভে দাবি করেছেন, ঘটনার সময় তিনি নিজের বাড়িতেই ছিলেন।
পুরো ঘটনার তদন্তে নেমেছে Kolkata Police। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তদের খোঁজে অভিযান চলবে এবং এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

