ঝলমলে রুপোলি পর্দার আড়ালে লুকিয়ে থাকে কত অজানা যন্ত্রণা—সেই কথাই যেন নতুন করে সামনে আনলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী Aishwarya Rajesh। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের ভয়ংকর অভিজ্ঞতার কথা অকপটে জানিয়েছেন তিনি।
ঐশ্বরিয়া জানান, অভিনয়ের জগতে পা রাখার একদম প্রথম দিকে একটি ফটোশুটের প্রস্তাব পান। বয়স কম থাকায় নিরাপত্তার জন্য দাদাকে সঙ্গে নিয়েই স্টুডিওতে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত অস্বস্তিকর হয়ে ওঠে। ফটোগ্রাফার কৌশলে তার দাদাকে বাইরে অপেক্ষা করতে বলেন।
এরপর যা ঘটে, তা আজও শিউরে ওঠার মতো। অভিনেত্রীর কথায়, তাকে অন্তর্বাস পরার নির্দেশ দিয়ে বলা হয়, তার শরীর দেখতে চাওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা শুনে তিনি সাহসী সিদ্ধান্ত নেন। ভাইয়ের অনুমতির অজুহাত দেখিয়ে সেদিন সেই জায়গা থেকে বেরিয়ে আসেন তিনি।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজও নিজের পরিবারের কাউকে সেই ঘটনার কথা জানাননি ঐশ্বরিয়া। শুধু কাস্টিং কাউচ নয়, কর্মক্ষেত্রেও অপেশাদার আচরণের শিকার হয়েছেন তিনি। একবার শুটিংয়ে কয়েক মিনিট দেরি করায়, এক পরিচালক তাকে জুনিয়র আর্টিস্টদের সামনে কুরুচিপূর্ণ ভাষায় অপমান করেন এবং অন্য অভিনেত্রীদের সঙ্গে তুলনা টানেন।
এই অভিজ্ঞতাগুলো শেয়ার করে ঐশ্বরিয়া বুঝিয়ে দিলেন, সফলতার পথ মোটেই সহজ নয়, বিশেষ করে নারী শিল্পীদের জন্য।

