মহিলা, কৃষি ও যুবদের অগ্রাধিকার, নির্মলার বাজেটে খুশি প্রধানমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

রবিবারের কেন্দ্রীয় বাজেট ঘিরে দেশজুড়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই বাজেট দেশের যুব সমাজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথে এক বড় পদক্ষেপ।

বাজেট পেশের পরই সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মোদী বলেন, ১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই বাজেটে। তাঁর কথায়, সংস্কারের যাত্রা আরও জোরদার হয়েছে এবং বিকশিত ভারতের রোডম্যাপ এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট।

জনগণের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, সেমিকন্ডাক্টর ও বায়ো ফার্মার মতো নতুন শিল্পে যে সমর্থন দেওয়া হয়েছে, তা দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে শক্ত ভিত দেবে। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তির সুফল যাতে যুব সমাজ পায়, সেই লক্ষ্যেই বাজেট পরিকল্পিত বলে জানান তিনি।

পরিকাঠামো উন্নয়ন নিয়েও আশাবাদী মোদী। তাঁর মতে, এই বাজেট ভারতীয় শিল্পকে লোকাল থেকে গ্লোবাল স্তরে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। বিকাশের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের পথও প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মহিলাদের ক্ষমতায়নেও বাজেটের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কোটি কোটি মহিলার জন্য আধুনিক ইকোসিস্টেম গড়ার পরিকল্পনাকে তিনি সাধুবাদ জানান। পাশাপাশি শিক্ষা আরও সুলভ হবে বলেও তাঁর মত।

কৃষিক্ষেত্রে নারকেল, কাজু ও কোকো চাষিদের জন্য বিশেষ ভাবনার কথা তুলে ধরে মোদী জানান, আধুনিক প্রযুক্তি ও এআই টুল কৃষকদের কাজ আরও সহজ করবে। পর্যটন শিল্প, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের পর্যটন উন্নয়নের বিষয়েও বাজেটের প্রশংসা করেন তিনি।

সব মিলিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর এই বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ ও ‘সংবেদনশীল’ বলে আখ্যা দিয়ে তাঁর ও তাঁর দলের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।