হঠাৎ করেই বদলে যেতে পারে আপনার ইনস্টাগ্রাম অভিজ্ঞতা—এবার ‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়েও আসছে নতুন স্বাধীনতা। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ আরও বাড়াতে নতুন ফিচার পরীক্ষা করছে Meta।
এই নতুন সুবিধা চালু হলে, কেউ চাইলে অন্য কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন। এত দিন পর্যন্ত এই অপশনটি ব্যবহারকারীদের হাতে ছিল না। প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া তথ্যে জানা গেছে, ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবেও চালু হয়নি।
২০১৮ সালে চালু হওয়া Instagram-এর ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার মূলত সীমিত পরিসরে স্টোরি, রিলস বা পোস্ট শেয়ার করার জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিগত মুহূর্ত কেবল নির্দিষ্ট মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ থাকায় এটি বেশ জনপ্রিয়। তবে এত দিন কেউ একবার যুক্ত হলে নিজে থেকে তালিকা ছাড়ার কোনো উপায় ছিল না।
অপ্রকাশিত এই ফিচারের তথ্য সামনে আনেন রিভার্স ইঞ্জিনিয়ার Alessandro Paluzzi। অ্যাপের কোড বিশ্লেষণ করে তিনি নিয়মিত নতুন ফিচারের ইঙ্গিত দিয়ে থাকেন। তার শেয়ার করা তথ্য অনুযায়ী, কেউ যদি কারও ক্লোজ ফ্রেন্ডস তালিকা ছেড়ে দেন, তাহলে আর সেই ব্যক্তির সীমিত কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে আবার দেখতে চাইলে নতুন করে তালিকায় যুক্ত হতে হবে।
এই পরিবর্তন নিয়ে ব্যবহারকারীদের অনুভূতি ভিন্ন হতে পারে। কেউ হয়তো বিষয়টিকে অস্বস্তিকর মনে করবেন, আবার অনেকের কাছে এটি ডিজিটাল স্বস্তির সুযোগ। কারণ সবাই সব সময় অন্যের ব্যক্তিগত শেয়ারিংয়ের অংশ হতে চান না। নিজের ডিজিটাল সীমানা নিজে ঠিক করার স্বাধীনতা অনেকের কাছেই ইতিবাচক।
উল্লেখ্য, ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটে আগে থেকেই এ ধরনের সুবিধা রয়েছে। ফলে প্রাইভেসি নিয়ন্ত্রণের দিক থেকে ইনস্টাগ্রাম কিছুটা পিছিয়েই ছিল। তবে এই ফিচার সবার জন্য চালু হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেটা।
এদিকে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ নয়, ভবিষ্যতে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক কিছু বিশেষ সুবিধাও পরীক্ষার পরিকল্পনা করছে মেটা। যদিও কোন ফিচারগুলো এর আওতায় আসবে, তা এখনো স্পষ্ট নয়।

